
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
গাজীপুরে দৈনিক প্রতিদিন পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় সারা দেশের ন্যায় পঞ্চগড়েও প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় পঞ্চগড় শেরে বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে জেলার সকল সাংবাদিকবৃন্দ এই মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন সমকাল ও ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, এখন টেলিভিশনের লুৎফর রহমান, দেশ রূপান্তর পত্রিকার শহিদুল ইসলাম শহিদ, চ্যানেল ওয়ান টেলিভিশনের রনিক, নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা, বিজয় টেলিভিশনের ইনসান সাগরেটসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের সাংবাদিকরা।বক্তারা বলেন, দেশের সব সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করছি। সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ হলেও তাদের নিরাপত্তা নেই। দায়িত্ব পালনকালে প্রকাশ্যে গলা কেটে হত্যার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার জন্য ভয়ঙ্কর হুমকি। বিচার না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। চুপ থাকলে আরও তুহিনদের মতো সাংবাদিকদের রক্ত ঝরবে।
এই বর্বরোচিত হত্যাকাণ্ড গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হামলা। এটি শুধু একজন সাংবাদিককে হত্যাই নয়, বরং সত্য প্রকাশের সাহসী কণ্ঠস্বরকে স্তব্ধ করার একটি ভয়াবহ চেষ্টা।সাংবাদিক নেতারা জানান, ইতিমধ্যেই সাতজন আটক হয়েছে, বাকি দোষীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ত্বরিত হস্তক্ষেপ কামনা করা হয়। যারা এখনো পলাতক, তাদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
পঞ্চগড় সাংবাদিকদের পক্ষ থেকে রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়:
♦অবিলম্বে দোষীদের গ্রেফতার করা হোক।
♦ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার নিশ্চিত করা হোক।
♦ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা এর বিচার চাই — দ্রুত, দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তি হোক এই বর্বরতার একমাত্র জবাব।