
মো. শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড় ও আঁচড়ের ঘটনা বাড়ছে। গত দুই মাসে প্রাণীর আক্রমণের শিকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন ৭৩৯ জন। এর মধ্যে আগস্টে ৩৮৬ জন এবং সেপ্টেম্বরে ৩৫৩ জন ভ্যাকসিন নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, আগস্টে কুকুরের আক্রমণের শিকার হয়ে চিকিৎসা নিতে আসেন ৮১ জন। বিড়ালসহ অন্যান্য প্রাণীর আক্রমণের শিকার হন ৩০৫ জন। এ মাসে ক্যাটাগরি-১-এর রোগী ছিলেন ৩২ জন, ক্যাটাগরি-২-এর ৩২৫ জন এবং ক্যাটাগরি-৩-এর ২৯ জন।
আগস্টে প্রথম ডোজের ভ্যাকসিন নেন ১৩২ জন, দ্বিতীয় ডোজ ১১০ জন এবং তৃতীয় ডোজ ১৪৪ জন। সব মিলিয়ে ওই মাসে ৩৮৬ জন ভ্যাকসিন গ্রহণ করেন।
সেপ্টেম্বরে কুকুরের আক্রমণের শিকার হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ৩৭ জন। বিড়ালসহ অন্যান্য প্রাণীর আক্রমণের শিকার হন ৩১৬ জন। এ মাসে প্রথম ডোজের ভ্যাকসিন নেন ১২০ জন, দ্বিতীয় ডোজ ১০৫ জন এবং তৃতীয় ডোজ ১২৮ জন। মোট ৩৫৩ জন ভ্যাকসিন গ্রহণ করেন।
দুই মাসের হিসাব অনুযায়ী, প্রথম ডোজ নিয়েছেন ২৫২ জন, দ্বিতীয় ডোজ ২১৫ জন এবং তৃতীয় ডোজ ২৭২ জন। তিন ধরনের ডোজ মিলিয়ে মোট ৭৩৯টি ভ্যাকসিন দেওয়ার তথ্য রয়েছে।
স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, পৌরসভার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুর ও বিড়ালের সংখ্যা বাড়ছে। এতে অনেকে কুকুরের কামড়সহ বিভিন্ন প্রাণীর আক্রমণের শিকার হচ্ছেন। এসব প্রাণী নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় অবাধে ঘুরে বেড়ানো কুকুরের সংখ্যা বেড়েছে। পাশাপাশি বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড় ও আঁচড়ের ঘটনাও ঘটছে। অনেকে প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভ্যাকসিন নিচ্ছেন।
স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কুকুর, বিড়াল বা অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর কামড় কিংবা আঁচড়ে চামড়া কেটে গেলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। এ ধরনের ঘটনায় দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হবে।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে ময়না বলেন, প্রাণীর আক্রমণের শিকার হলে জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন নিতে হবে। কোনোভাবেই বিষয়টি অবহেলা করা যাবে না। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পোষা প্রাণীদেরও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে।
পাইকগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম দেবনাথ বলেন, ‘জলাতঙ্ক প্রতিরোধে প্রাণীদের জন্য সরকার এখন কোনো ভ্যাকসিন তৈরি করে না। কেউ প্রাণীকে ভ্যাকসিন দিতে চাইলে বাইরে থেকে কিনে দিতে হবে। জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই।’
স্থানীয় বাসিন্দারা বলেন, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে জলাতঙ্কের ঝুঁকি, প্রাণীর কামড় বা আঁচড়ের পর করণীয় এবং ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সচেতনতা কার্যক্রম বাড়ানোর দাবি জানান তারা।