
মোঃ হাবিবুর রহমান,কাউখালী প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলায় ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত হয়েছে বিশাল ঐক্যবদ্ধ জনসভা। জনসভায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
পিরোজপুর–২(ভান্ডারিয়া, নেছারাবাদ ও কাউখালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমনের নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হয় ৮ জানুয়ারি রোববার বিকেল ৪টায় কাউখালী উপজেলার কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে।
জনসভায় কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ ও আশপাশের এলাকা।
উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ ও মোঃ মনিরুজ্জামান মিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাবেক সচিব সুপ্রিয় দত্ত, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত,স্বরূপকাঠি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আল বিরুনি সৈকতসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
জনসভায় বক্তব্যে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন,নির্বাচিত হলে কাউখালী উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণ,শিক্ষা ও স্বাস্থ্য খাতে মানসম্মত সেবা প্রদান এবং পৌরসভা উন্নয়নের পাশাপাশি নদীকূলবর্তী এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন,জনগণের ঐক্য ও ভোটের মাধ্যমেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
জনসভা শেষে নেতা-কর্মীরা বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করে বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলে।
Reporter Name 





















