লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে জেলাজুড়ে চলছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ, নতুন রূপে সাজানো হচ্ছে পুরো শহর। পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। প্রিয় নেতাকে স্বাগত জানানোর পাশাপাশি জেলার দীর্ঘদিনের অবহেলিত ও উন্নয়নের নানা দাবিদাওয়া তুলে ধরতে প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
এদিকে, মূল অনুষ্ঠানস্থল লালমনিরহাট কালেক্টরেট মাঠে চলছে বিশাল প্যান্ডেল তৈরির কর্মযজ্ঞ। দীর্ঘ ২১ বছর পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই আগমন লালমনিরহাটবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সফরসূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করবেন। দিনের কর্মসূচির শুরুতে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত ‘১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায়’ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন।
এরপর বেলা ১১টা ৩০ মিনিটে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন তিনি। মধ্যাহ্নবিরতি ও বিশ্রামের জন্য তিনি লালমনিরহাট সার্কিট হাউজে অবস্থান করবেন।
বিকেল ২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক মূল অনুষ্ঠানে যোগ দেবেন। কর্মসূচি শেষে বিকেল ৪টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানান লালমনিরহাট জেলা প্রশাসন।