মহিউদ্দিন মহি খন্দকার, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীতে চাকরি প্রার্থীদের জন্য রেইজ প্রকল্পের আওতায় চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন ২০২৬) ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পিকেএসএফ-এর কারিগরি ও আর্থিক সহায়তায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
মেলার মূল উদ্দেশ্য ছিল নিম্নআয়ের পরিবারের বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং দক্ষ জনশক্তিকে শ্রমবাজারের সঙ্গে যুক্ত করা।
সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হওয়া এ মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১২টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার জেলা প্রশাসক মনিরা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী এবং প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মোঃ মাসুদ পারভেজ।
স্বাগত বক্তব্য দেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর মহাব্যবস্থাপক আলাউদ্দিন খান। সভাপতিত্ব করেন ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, বর্তমান শ্রমবাজারে দক্ষ জনশক্তির গুরুত্ব অত্যন্ত বেশি। দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণরা নিজেদের ভবিষ্যৎ কর্মজীবন গড়ে তুলতে পারে এবং দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
মেলায় ওয়ালটন, প্রাণ, স্টার লাইন গ্রুপ, ক্রাউন সিমেন্ট এবং আবুল খায়েরসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। প্রায় দুই শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থী সরাসরি সাক্ষাৎকার ও সিভি জমা দেওয়ার সুযোগ পান। এর মধ্যে তাৎক্ষণিকভাবে ৮২ জনের কর্মসংস্থান নিশ্চিত হয় এবং আরও অনেক প্রার্থীর তথ্য ভবিষ্যৎ নিয়োগের জন্য সংরক্ষণ করা হয়।