
মিরু হাসান, বগুড়া প্রতিনিধি
বগুড়া শহরের ফুলবাড়ি সরকারপাড়া এলাকায় দিনে দুপুরে এক স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় নারী ও শিশুসহ পরিবারের চার সদস্য আহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) দুপুরে ফুলবাড়ি সরকারপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী শাহীন (৫০)-এর বাসায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত হঠাৎ করে শাহীনদের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তারা বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, ডাকাতির সময় বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা নারী ও শিশুসহ পরিবারের চার সদস্যকে মারধর করে। এতে তারা গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য ও লুট হওয়া মালামালের সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি। পুলিশের তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।