বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত সেঞ্চুরী মোটেলে এরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বিপুল চন্দ্র পালের (৪৮) রহস্যজনক মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে ঠাকুরগাঁও এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত নারী মোর্শেদা বেগম (৩৫)। তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিহত বিপুল চন্দ্র পালের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে ওই নারীকে শনাক্ত ও আটক করা হয়েছে। তিনি স্বীকার করেছেন যে, কয়েক বছর ধরে বিপুল চন্দ্র পালের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরেই তারা সেঞ্চুরী মোটেলে অবস্থান করেছিলেন। এ ঘটনায় মোটেলের সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে। ফুটেজে বিপুলকে ওই নারীর সঙ্গে মোটেলে প্রবেশ করতে দেখা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে বিপুল চন্দ্র পাল সেঞ্চুরী মোটেলের ৬১০ নম্বর কক্ষ ভাড়া নেন। পরদিন শনিবার দুপুরে নির্ধারিত সময় অতিক্রম করলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় মোটেল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সন্দিহান হয়। পরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে বিপুলের মরদেহ উদ্ধার করে।
নিহত বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া পালপাড়ার বাসিন্দা এবং জিতেন্দ্রনাথ পালের ছেলে। তিনি এরুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। পাশাপাশি তিনি শাহ ফতেহ আলী পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, রোববার পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে মামলা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের সময় শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কক্ষ থেকে কিছু যৌন উত্তেজক সামগ্রী উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় পুলিশ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।##