
তৌফিক আলম চৌধুরী || বিশেষ প্রতিনিধি:
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মেহনতী ও শ্রমজীবী মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন সৌদি আরবের দাম্মামে কর্মরত প্রবাসী চালকদের সংগঠন। ‘আমরাই প্রবাসী, আমরাই দেশের শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে ‘প্রবাসী অনলাইন গ্রুপ-সৌদি আরব (দাম্মাম)’-এর উদ্যোগে দেশের বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
বন্যায় চরম সংকটে পড়া মোট ১৫০টি অসহায় ও শ্রমজীবী পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
সংগঠনের প্রবাসীরা জানান, সুদূর প্রবাসে কষ্টার্জিত উপার্জনে দিনাতিপাত করলেও দেশের মানুষের যেকোনো বিপদে তাঁরা হাত গুটিয়ে বসে থাকতে পারেন না। দেশের দুর্দিনে বন্যাকবলিত মেহনতী মানুষের মুখে হাসি ফোটাতেই ছোট পরিসরে তাঁদের এই মানবিক প্রয়াস।
তাঁরা আরও জানান, ভবিষ্যতেও দেশের যেকোনো প্রয়োজনে এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে।
ত্রাণ পেয়ে স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।