রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা-এ শিশুদের প্রতিবন্ধিতা প্রারম্ভিক পর্যায়ে শনাক্তকরণ এবং সময়োপযোগী হস্তক্ষেপ নিশ্চিত করার লক্ষ্যে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বাঁশখালী অফিসার্স ক্লাব মিলনায়তনে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস)-এর উদ্যোগে “Strengthening Early Identification and Early Intervention for the Children with Disabilities (EiEi) Project” শীর্ষক এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস)-এর নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল আমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন, মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকুতুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা কায়সার উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ, বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন গুপ্তসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এছাড়াও বৈলছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য পিংকু পুরহিত, প্রশাসনিক কর্মকর্তা মিন্টু তালুকদার, সিআরসি সদস্য জাফরুল ইসলাম ও টিপু আক্তার এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা রাজেশ রতন মল্লিক।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেএসইউএস-এর সহকারী পরিচালক মো. আরফুল ইসলাম। তিনি প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম এবং শিশুদের প্রতিবন্ধিতা প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও দ্রুত হস্তক্ষেপের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, শিশুর জন্মের পর থেকেই তার শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি। প্রাথমিক পর্যায়ে প্রতিবন্ধিতা শনাক্ত করা গেলে দ্রুত চিকিৎসা, পুনর্বাসন ও সহায়তা নিশ্চিত করা সম্ভব হয়, যা শিশুর বিকাশের সুযোগ বৃদ্ধি করে এবং পরিবারকে যথাযথ দিকনির্দেশনা প্রদান করে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, প্রতিবন্ধী শিশুদের অধিকার, মর্যাদা ও উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি প্রারম্ভিক শনাক্তকরণে জনসচেতনতা বৃদ্ধি এবং সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় প্রতিবন্ধী শিশুদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, সহায়ক ও মানবিক পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, এডভোকেসি সভাটি আয়োজন করে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস)। এতে কারিগরি সহযোগিতা প্রদান করে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং অর্থায়ন করে লিলিয়ান ফান্ডস (এলএফ)।