
মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মোঃ হাসান হত্যা মামলার মূলহোতা ও পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে “সর্বস্তরের জনসাধারণ”-এর ব্যানারে বৈলগাঁও নয়াদিঘির পাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাধনপুর বাণীগ্রাম বাজার এলাকায় গিয়ে শেষ হলে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আসামি মোঃ নাছিরের নেতৃত্বে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোঃ হাসানকে হত্যা করা হয়েছে। ঘটনার ১১ দিন পার হলেও মূলহোতা মোঃ নাছির, শাহিদা আক্তার ও মোঃ রাকিবকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামিরা প্রভাবশালী হওয়ায় তদন্তে ধীরগতি দেখা যাচ্ছে বলেও দাবি করেন তারা।
বক্তারা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেফতার, ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। একই সঙ্গে দ্রুত গ্রেফতার না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন মোঃ ফোরকান, জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা, মোঃ শওকত মোল্লা, কামাল উদ্দীন, জসিম উদ্দিন, আসামি নাছিমা আক্তারের স্বামী মোঃ শওকত, নিহত হাসানের শ্বশুর আবুল কাশেম, রফিউল করিম, মোঃ মিশকাতুল ইসলামসহ কয়েক শতাধিক এলাকাবাসী।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, “এ পর্যন্ত চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”