বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
লেখালেখির মাধ্যমে নিজের মাতৃভূমিকে বিশ্বজুড়ে তুলে ধরার ক্ষেত্রে শৈশব থেকেই শাম্মী তুলতুল নামের এক নারীর অবদান উল্লেখযোগ্য। তিনি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে একজন পরিচিত লেখক ও সাহিত্যিক হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন।
ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি লেখালেখির প্রতি তার গভীর আগ্রহ ছিল। পরবর্তীতে তিনি দেশের প্রথম সারির জাতীয় দৈনিকসহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি শুরু করেন। এর মধ্যে রয়েছে দৈনিক কালের কণ্ঠ, দৈনিক প্রথম আলো, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক ইত্তেফাক, খোলা কাগজ, প্রতিদিনের সংবাদ, মানবকণ্ঠ, দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণসহ সরকারি পত্রিকা শিশু ও নবারুণ।
জানা যায়, শাম্মী তুলতুল দীর্ঘদিন ধরে উপন্যাস, গল্প, শিশু সাহিত্য, নজরুল অনুরাগ, রেডিও অনুষ্ঠান পরিচালনা, খবর পাঠ, অনলাইন অ্যাক্টিভিজম, সাংবাদিকতা, ভয়েস প্রেজেন্টেশন, দাবা খেলা ও মডেলিংসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্ত রয়েছেন।
এছাড়া তিনি অস্ট্রেলিয়া, জার্মানি, সিঙ্গাপুর, নিউইয়র্ক, কানাডা ও প্যারিসের বাংলা পত্রিকাগুলোতেও নিয়মিত লেখালেখি করে আসছেন। একটি রক্ষণশীল পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি সুনাম অর্জন করেছেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সামাজিক অসঙ্গতি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। বাধা-বিপত্তি অতিক্রম করে সততা ও দেশপ্রেমকে মূল লক্ষ্য হিসেবে সামনে রেখে কাজ করে যাচ্ছেন তিনি।
এ পর্যন্ত শাম্মী তুলতুলের প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। বাংলাদেশ ও ভারতকে কেন্দ্র করে লেখা তার উল্লেখযোগ্য উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে রয়েছে— চোরাবালির বাসিন্দা, পদ্মবু ও মনজুয়াড়ি, ভূত যখন বিজ্ঞানী, গণিত মামার চামচ রহস্য, পিঁপড়ে ও হাতির যুদ্ধ ইত্যাদি। বইগুলো পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বলে জানা যায়।
বিশেষ করে শিশু ও কিশোরদের নিয়ে লেখা তার গল্পগুলো ব্যাপক সাড়া ফেলেছে। তার লেখা পিঁপড়ে ও হাতির যুদ্ধ গল্পটি দীপ্ত টিভিতে নাটক আকারে প্রচারিত হয়েছে। এছাড়া তার রচনায় লাল শরবত নাটকটি সিটি এফএম-এ প্রচারিত হয়।
সম্প্রতি ভারতের গবেষণা ও সাহিত্য অঙ্গনে তার বইগুলো নতুন মাত্রা যোগ করেছে। তিনি ভারতের বিষয়ভিত্তিক আরও একটি নতুন বই প্রকাশের চুক্তিতে রয়েছেন বলেও জানা যায়।
তিনি “রুম টু রিড বাংলাদেশ”-এর এনলিস্টেড লেখিকা হিসেবেও সম্মানিত হয়েছেন। লেখালেখির স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার, যার মধ্যে উল্লেখযোগ্য— মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কারসহ আরও অনেক সম্মাননা।
গত ১২ মে তিনি কলকাতা থেকে “রবীন্দ্র রত্ন পুরস্কার” লাভ করেন। এছাড়া তিনি বেগম রোকেয়া চরিত্রে একটি ম্যাগাজিনের কাভার মডেল হিসেবেও অংশ নেন।
এ বিষয়ে শাম্মী তুলতুল বলেন, “বেগম রোকেয়া আমাদের আইডল। তার চরিত্রে কাজ করতে পেরে আমি গর্বিত। লেখক হিসেবে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। দেশপ্রেম ও সংস্কৃতি চেতনায় উজ্জ্বল থেকে লেখালেখির মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে তুলে ধরাই আমার মূল লক্ষ্য।”
তিনি চট্টগ্রামের রাউজান উপজেলা এলাকার আলহাজ্ব আবু মোহাম্মদ খালেদের ছয় সন্তানের মধ্যে দ্বিতীয় কন্যা।
প্রেরক :বুলবুল আহমেদ নবীগঞ্জ, হবিগঞ্জ প্রতিনিধি