
মো. জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি রাজবাড়ী:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামের কৃষক মো. নিজামুদ্দিন খান মিশ্র মৎস্য ও ফসল চাষের মাধ্যমে সফলতার নতুন সম্ভাবনা তৈরি করেছেন। তিনি মৃত তেজারত আলী খানের ছেলে।
সোমবার (৩ আগস্ট) সকালে কৃষক নিজামুদ্দিন খান জানান, পৈতৃক সূত্রে পাওয়া বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া বিলে তার শতাধিক শতাংশ কৃষিজমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমিতে পরিকল্পিতভাবে পাট ও ধানের চাষ করে আসছেন। এবার তিনি একই জমিতে সমন্বিত পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছেন।
তিনি জানান, পাট কাটার কয়েক দিন আগে জমিতে আমন ধানের বীজ ছিটিয়ে দেন। পরে পাট কাটার পর ধান ধীরে ধীরে বেড়ে ওঠে। বর্ষা মৌসুম শুরু হলে ওই জমিতে রুই, কাতলা, মৃগেল, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। ধান পরিপক্ব হওয়ার আগেই মাছ বিক্রির উপযোগী হয়ে ওঠায় একই জমি থেকে একাধিক খাত থেকে আয় করার সুযোগ তৈরি হয়েছে।
এছাড়াও জমির আইলে কলাগাছ ও বিভিন্ন ধরনের মৌসুমি সবজির আবাদ করেছেন তিনি। ফলে একই জমি থেকে ধান, পাট, মাছ, কলা ও সবজি উৎপাদন করে বাড়তি আয় করছেন।
কৃষক নিজামুদ্দিন খান বলেন, “মিশ্র চাষের মাধ্যমে আমার পরিবারের সারা বছরের চাল, মাছ ও সবজির চাহিদা পূরণ হবে। সংসারের খরচ মিটিয়ে প্রতিবছর লক্ষাধিক টাকা সঞ্চয় করতে পারব বলে আশা করছি।”
স্থানীয় কৃষকরা জানান, একই জমিতে একাধিক ফসল ও মাছের সমন্বিত উৎপাদন কৃষি খরচ কমানোর পাশাপাশি আয় বাড়াতে সহায়ক হচ্ছে। নিজামুদ্দিন খানের এই উদ্যোগ এলাকার অন্য কৃষকদেরও মিশ্র চাষে উৎসাহিত করবে বলে তারা মনে করছেন।