
সামাজিক মাধ্যমে একটি ছবি, এরপর অসম বয়সী দুই অভিনয়শিল্পীর সম্পর্কের ঘোষণা—সব মিলিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনার কেন্দ্রে ছিল ‘আমরা ভাইরাল’ নাটক। বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদ ও তরুণ অভিনেত্রী প্রিসিলা ডি কস্তার একটি ছবি ঘিরে তৈরি হয় নানা প্রশ্ন ও কৌতূহল।
সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে বসে থাকা মামুনুর রশীদের পাশে হাঁটুর ওপর হাত রেখে ক্যামেরার সামনে পোজ দেন প্রিসিলা। ছবিটি ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রশ্ন তোলেন, তবে কি নতুন করে সংসার শুরু করেছেন বর্ষীয়ান এই অভিনেতা?
এরপর প্রিসিলার একটি মন্তব্য সেই জল্পনাকে আরও উসকে দেয়। তিনি বলেন, ‘আমরা হ্যাপিলি ম্যারিড’। তবে পরে জানা যায়, বাস্তব জীবনের কোনো সম্পর্কের ঘোষণা নয়, বরং এটি ‘আমরা ভাইরাল’ ধারাবাহিকের প্রচারণার অংশ।
নাটকের প্রচারে এমন বিভ্রান্তিকর কৌশল ব্যবহার করায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যে নাটকের গল্পই সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার নেতিবাচক প্রবণতা নিয়ে, সেই নাটকের প্রচারেই কেন এমন স্টান্টবাজির আশ্রয় নেওয়া হলো?
বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদের ব্যক্তিগত জীবনকে ঘিরে এমন কৌতূহল তৈরি করায়ও অনেকে হতাশা প্রকাশ করেছেন।
তবে নির্মাতাদের ভাষ্য, নাটকের গল্পের প্রয়োজনেই এমন প্রচারণার সঙ্গে চরিত্রগুলোর সম্পর্ক তৈরি হয়েছে।
নির্মাতাসূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং এর নেতিবাচক দিককে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ৫২ পর্বের ধারাবাহিক ‘আমরা ভাইরাল’।
আল আমিন স্বপনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। গল্পে দেখা যাবে, নিজের চেয়ে অনেক কম বয়সী প্রিসিলা ডি কস্তার চরিত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মামুনুর রশীদের চরিত্র। এরপর অনলাইনে ভাইরাল হওয়ার নেশায় নানা ধরনের কনটেন্ট তৈরি করতে গিয়ে তাদের জীবনে একের পর এক ঘটনা ঘটতে থাকে।
নাটকটির সামাজিক বার্তা প্রসঙ্গে পরিচালক সাজিন আহমেদ বাবু বলেন, ভাইরাল হওয়ার জন্য মানুষ বর্তমানে কতটা নিচে নামছে এবং এর ফলে সমাজে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে, সেটিই হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
তিনি জানান, অনলাইনে ভাইরাল হওয়া কনটেন্টের বড় একটি অংশই নেতিবাচক। তবে যারা ইতিবাচক প্রভাব ফেলছেন, নাটকে তাদের অবদানও তুলে ধরা হয়েছে।
‘আমরা ভাইরাল’ ধারাবাহিকে মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তা ছাড়াও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, সুজাত শিমুল, মারুফ মিঠু, ফারজানা চুমকি, নাজনীন হাসান চুমকী, মৌসুমী হামিদ, আশরাফুল আলম সোহাগ, শাহজাদ ওমর, পারভেজ সুমন, সেমন্তি, দিলরুবা তুষি, খায়রুল টিটু ও আহসান কবিরসহ আরও অনেকে।
ছবি ও মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটিয়ে এবার পর্দায় হাজির হচ্ছে আলোচিত এই ধারাবাহিক।
আগামীকাল বুধবার ১৬ সেপ্টেম্বর থেকে বাংলাভিশনের পর্দায় প্রচার শুরু হবে ‘আমরা ভাইরাল’।
প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে দর্শক দেখতে পাবেন ৫২ পর্বের এই ধারাবাহিক নাটক।
অর্থাৎ সামাজিক মাধ্যমে যে নাটক শুরু হয়েছে বিতর্ক আর কৌতূহল দিয়ে, এবার তার আসল গল্প দেখা যাবে টেলিভিশনের পর্দায়।