প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ৩:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৬, ১১:৩০ পি.এম
বিশ্বকাপে না থাকলেও পারিশ্রমিক পাবেন সোমালিয়ার রেফারি ওমর আরতান
যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে পারেননি সোমালিয়ার রেফারি ওমর আরতান। তবে চুক্তি অনুযায়ী তাকে পুরো পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
বিবিসির এক প্রতিবেদনের বরাতে জানা যায়, বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরও অভিবাসন জটিলতার কারণে তাকে ফেরত পাঠানো হয়। প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত জানানো হয়।
ফিফা সূত্রে বলা হয়েছে, তাকে বিশ্বকাপের জন্য নির্বাচিত করা হয়েছিল এবং তার কোনো দোষ না থাকায় পারিশ্রমিক প্রদান করা হচ্ছে। একই সঙ্গে বিষয়টিকে সম্মানজনকভাবে সমাধান করাই সংস্থাটির উদ্দেশ্য।
ওমর আরতান আফ্রিকার অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত। বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল, যা বাস্তবায়িত হয়নি। যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পেরে তিনি নিজ দেশে ফিরে গেলে সেখানে তাকে বীরের মতো সংবর্ধনা দেওয়া হয়।
তিনি আগে জানিয়েছিলেন, সব কাগজপত্র ও ভিসা থাকা সত্ত্বেও তাকে বিশ্বকাপে অংশ নিতে দেওয়া হয়নি, যা তার জন্য গভীর হতাশার বিষয় ছিল।