
রজব আলী (সেলিম), সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পাখিজান গ্রামে কথিত চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, গত ২১ জুন ২০২৬ তারিখে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি একটি বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে এবং একজনকে মারধর করে আহত করে।
আদালতের আদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তাকে আইনের আওতায় এনে বিচার করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা মারধরের ঘটনা আইনের শাসন ও জননিরাপত্তার পরিপন্থী।
আদালত আরও পর্যবেক্ষণে বলেন, এ ধরনের ঘটনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে।
এ প্রেক্ষাপটে ভিডিওতে চিহ্নিত ব্যক্তিদের শনাক্ত করে পুলিশ প্রতিবেদনসহ নিয়মিত মামলা রুজু এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২২ জুন ২০২৬ তারিখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ এ আদেশ প্রদান করেন।