
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ও লোকসংগীতশিল্পী ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন, একটি পালসার মোটরসাইকেল, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ক্ষিতীশ সরকারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে থাকার পর রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে ঘুম থেকে উঠে ঘরের দরজা ও প্রধান ফটক খোলা দেখতে পান তিনি। পরে ঘরের মালামাল পরীক্ষা করে চুরির বিষয়টি বুঝতে পারেন।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ টাকা, তিনটি মোবাইল ফোন, প্রায় তিন ভরি স্বর্ণালংকার, একটি পালসার মোটরসাইকেল, ছেলের পাসপোর্ট, সোনালী ব্যাংকের চেকবই এবং জাতীয় পরিচয়পত্র। চুরির সময় পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় ছিলেন কি না, তা নিয়েও সন্দেহের কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ক্ষিতীশ সরকার বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষিতীশ সরকার শুধু বীরগঞ্জেই নন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও সাংস্কৃতিক অঙ্গনেও কবিয়াল ও লোকসংগীতশিল্পী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে কবিগান ও লোকসংগীতের মাধ্যমে তিনি মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন। তাঁর বাড়িতে চুরির ঘটনায় শুভাকাঙ্ক্ষী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সভাপতি এম এ কুদ্দুস সরকার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সাধারণ সম্পাদক ক্ষিতীশ সরকারের বাড়িতে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
ভুক্তভোগী পরিবার চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত, চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের লোকসংগীত ও কবিগানের সঙ্গে যুক্ত একজন পরিচিত শিল্পীর বাড়িতে সংঘটিত এ ঘটনার দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।