
রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে একটি নতুন মসজিদ উদ্বোধন এবং দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।
শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জয়ন্তীয়া ব্রিজসংলগ্ন পশ্চিম পাড়ে দারুস সুন্নাহ ফজলুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নির্মিত মসজিদটির উদ্বোধন করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের ‘বো হামাদ ফাউন্ডেশন ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর অর্থায়নে এবং ‘হিউম্যান অ্যাপিল বাংলাদেশ’-এর সহযোগিতায় মসজিদটি নির্মাণ করা হয়েছে।
এর আগে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু পাল্টাপুর ইউনিয়নের বুড়িহাট বাজারসংলগ্ন দক্ষিণ রঘুনাথপুর সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভক্তদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
মসজিদ উদ্বোধন ও পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ভিপি মো. রেজওয়ানুল ইসলাম (রিজু), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদলের সদস্যসচিব ও মরিচা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন এবং পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব।
এ ছাড়া মমতাজুল করিম তাজু, ইউনিয়ন বিএনপি নেতা ইব্রাহিম আলী শাহ, মসজিদ ও মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।