
স্টাফ রিপোর্টার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গাছে গাছে মাদক কারবারি ও সেবনকারীদের নাম-ঠিকানা ঝুলিয়ে অভিনব প্রতিবাদ করেছেন স্থানীয় যুবসমাজ। মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর উত্তরপাড়ার যুবকদের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়দের দাবি, ব্রাহ্মণপাড়া উপজেলা ভারতীয় সীমান্তবর্তী এলাকা হওয়ায় এলাকায় সহজেই বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া যায়। এতে এলাকার অনেক যুবক মাদকাসক্ত হয়ে পরিবার ও সমাজে নানা সমস্যার সৃষ্টি করছে।
স্থানীয় যুবসমাজের পক্ষ থেকে গাছে ঝোলানো পোস্টারে ১১ জন কথিত মাদক সেবনকারী ও বিক্রেতার নাম, পিতার নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নাইঘর উত্তরপাড়া এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সচেতন যুবক অভিযোগ করে বলেন, “যাদের নাম গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাদের কারণে স্কুল-কলেজপড়ুয়া অনেক ছেলে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। অনেক যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে। তাদের কারণে এলাকার অনেক পরিবার অতিষ্ঠ।”
তাঁরা আরও অভিযোগ করেন, মাদকের টাকা জোগাড় করতে এলাকায় ছোটখাটো চুরির ঘটনাও বেড়েছে। পুকুরের মাছ, পানির পাম্প, টিউবওয়েল, বৈদ্যুতিক তার, মোবাইল ফোন ও টাকা-পয়সাসহ বিভিন্ন জিনিস চুরি করে বিক্রি করে মাদক সেবনের অভিযোগ রয়েছে।
এলাকার কয়েকজন বয়স্ক ব্যক্তি বলেন, “কিছু উঠতি বয়সের ছেলে মাদকের সঙ্গে জড়িত। আবার অনেকে মাদক বিক্রি করে। তাদের কারণে পাড়ায় শান্তি নেই। তাদের কিছু বলতে গেলে নানা সমস্যার সৃষ্টি হয়। তাদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।”
স্থানীয় যুবকদের ভাষ্য, মাদক কারবারি ও সেবনকারীদের নাম গাছে ঝুলিয়ে দেওয়ার এই প্রতিবাদ কর্মসূচির উদ্দেশ্য কাউকে হেয় করা নয়; বরং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সমাজে সচেতনতা তৈরি করা এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানানো। তাঁদের আশা, সামাজিক চাপ ও সচেতনতার মাধ্যমে মাদকসেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যক্তিরা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।