মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় “দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে”। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পক্ষে ও বিপক্ষে যুক্তি তুলে ধরে প্রাণবন্ত বিতর্কে অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ শহিদুজ্জামান এবং সঞ্চালনা করেন মলয় কুমার দেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা শারমিন জাহান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য একেএম হানিফ বাবলু, চন্দনা রানী দাশ, ইসরাত জাহান, গণমাধ্যমকর্মীসহ প্রমুখ।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ৮টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অর্জন করে মমতা মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অর্জন করে হাসিনা মোমেন বালিকা উচ্চ বিদ্যালয়। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠান শেষে বক্তারা বলেন, সমাজ থেকে দুর্নীতি নির্মূলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।