
মো. মেহেদী হাসান,
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার সিংগাড়ী এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মৎস্য ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২ জুলাই) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান চালিয়ে ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়।
অভিযানে জব্দ হওয়া নিষিদ্ধ চায়না দুয়ারী জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫২ হাজার টাকা বলে জানা গেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হয়, যা মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জেলেদের উদ্দেশ্যে নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।