আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় দীর্ঘদিন ধরে চলা কথিত মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিয়েছে। এ সময় মাদকসহ মা-ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন কথিত মাদক ব্যবসায়ী জামাল ড্রাইভারের স্ত্রী পারভীন (৪৮) ও ছেলে পারভেজ (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, জামাল ড্রাইভার, তার স্ত্রী পারভীন ও ছেলে পারভেজসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এতে এলাকার যুবসমাজ মাদকের ভয়াবহ ছোবলে বিপথগামী হচ্ছিল এবং স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল।
অভিযোগ রয়েছে, একাধিকবার স্থানীয়ভাবে সতর্ক করা হলেও তারা মাদক ব্যবসা বন্ধ করেননি। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে জামাল ড্রাইভারের বাড়িতে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে অভিযান চালিয়ে মাদকসহ পারভীন ও পারভেজকে হাতেনাতে আটক করে।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।
হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজাহান খান বলেন, "জামাল ড্রাইভার ও তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল। বহুবার সতর্ক করার পরও তারা কার্যক্রম বন্ধ না করায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এ ঘটনা ঘটে।"
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন ,ঘটনাস্থল থেকে আটক দুজনকে থানায় আনা হয়েছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। আগুন লাগানোর ঘটনায়ও তদন্ত চলছে। উভয় বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।