মোঃ রাহিজুল ইসলাম ,ভূ রুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে দিবসটি উপলক্ষ্যে বর্ণ্যাঢ্য র্যালি, শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন শ্রমিক সংগঠন।
আলোচনা সভায় বক্তারা অবিলম্বে শ্রমিকদের জন্য মাসিক সম্মানী,বিনা মুল্যে চিকিৎসা ,ন্যায্য মুল্যে রেশনিং প্রদান,বাসস্থানের ব্যবস্থা, ন্যুনতম মজুরী নির্ধারন সহ বয়স্ক শ্রমিকদের ভাতা প্রদানের দাবী জানান।
জাতীয়তাবাদী শ্রমিকদল ভূরুঙ্গামারী উপজেলা শাখা, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন উপজেলা শাখা, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক, ট্যাংক-লরি, কাভার্ট ভ্যান শ্রমিক ইউনিয়ন, লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ অটো বাইক শ্রমিককল্যাণ সোসাইটি, হোটেল-রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ফার্নিচার শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি উপলক্ষ্যে দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচি গ্রহন করে।
পৃথক আলোচনা সভায় কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, জামায়াতের উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, জয়মনিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, প্রকৌশলী আশরাফুল আলম সুমন, শ্রমিকদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম মুক্তা, শ্রমিক নেতা আজিজার রহমান বাবলা ও বশির আহমেদ বাঁশি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আনোয়ারুল ইসলাম বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ও দেশের উন্নয়নে শ্রমিকদের ভুমিকা গুরুত্বপুর্ন হলেও শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকারী সুবিধা থেকে তারা বঞ্চিত। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবী বাস্তবায়নে সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহনের করতে হবে। এছাড়াও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে মেহনতি শ্রমিকদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।