মোঃ রাহিজুল ইসলাম,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ফকিরহাটি বাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে জোরদার উদ্যোগ গ্রহণ করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। ইতোমধ্যে তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের উচ্চপর্যায়ে একাধিকবার সাক্ষাৎ ও যোগাযোগ করেছেন।
গত ৫ জুন ফকিরহাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০৫টি দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আকস্মিক এ ঘটনায় অনেক ব্যবসায়ী তাদের জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে চরম দুর্দশায় পড়েছেন।
ঘটনার পরপরই গত ৭ জুন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তার জন্য আবেদন করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন এবং জাতীয় সংসদে বক্তব্যের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের দুর্দশার বিষয়টি তুলে ধরেন।
পরবর্তীতে ১০ জুন (বুধবার) সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর বিষয়ে আন্তরিক আশ্বাস প্রদান করেন।
এদিকে কুড়িগ্রামের জেলা প্রশাসক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব ইতোমধ্যে বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করে পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট মহল সক্রিয়ভাবে কাজ করছে। আশা করা হচ্ছে, অচিরেই ক্ষতিগ্রস্তরা প্রয়োজনীয় সহায়তা পেয়ে পুনরায় তাদের ব্যবসা শুরু করতে সক্ষম হবেন।
সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম ক্ষতিগ্রস্তদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।