
মণিরামপুর প্রতিনিধি – নয়ন রায়
সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুর উপজেলাতেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক ও ডিজিটাল ‘নাগরিক ভূমি সেবা’।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ সেবার শুভ উদ্বোধন ঘোষণা করার পরপরই মণিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সম্রাট হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহির দায়ান আমিন, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু সাঈদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল নাগরিক ভূমি সেবা চালুর ফলে সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। এখন থেকে নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নামজারি (মিউটেশন) আবেদন, খতিয়ান সংগ্রহ, দাখিলা বা খাজনা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজেই গ্রহণ করতে পারবেন।
এছাড়াও আরএস, বিএস ও খতিয়ানের সার্টিফায়েড কপির জন্য অনলাইনে আবেদন ও সংগ্রহের সুবিধাও চালু করা হয়েছে। এতে ভূমি অফিসে ঘুরাঘুরি, অতিরিক্ত সময় অপচয় ও হয়রানি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ সম্রাট হোসেন এবং প্রধান অতিথি এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক উপস্থিত নায়েব ও ভূমি কর্মকর্তাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “ডিজিটাল এই সেবার মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় স্বচ্ছতা নিশ্চিত করা। কোনো নাগরিক যেন ভূমি অফিসে এসে হয়রানির শিকার না হন। নতুন নায়েবদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে ডিজিটাল পদ্ধতিতে পর্চা ও দাখিলা সংক্রান্ত সেবা নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে আগত অতিথিরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে মণিরামপুর উপজেলার ভূমি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত হবে।