
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মোশাররফ করিম ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেছেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা, বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাসেল ইসলাম।
এ সময় রাসেল ইসলাম অসুস্থ মোশাররফ করিমের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
স্থানীয়রা জানান, রাসেল ইসলাম দীর্ঘদিন ধরে অসহায়, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন। তাঁর এমন মানবিক কর্মকাণ্ডে স্থানীয় সচেতন মহলে প্রশংসা বাড়ছে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও বিপদে পাশে থাকার কারণে এলাকায় তাঁর জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তা বাড়ছে বলেও মনে করছেন স্থানীয়রা।
রাসেল ইসলাম বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা সবসময় করে যাব।”
এদিকে অসুস্থ মোশাররফ করিমের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।