
আন্তর্জাতিক ডেস্ক | ১ এপ্রিল ২০২৬:
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এবার মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে কর্মরত কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ হুমকির কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে কাজ করা কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কারণে এসব প্রতিষ্ঠানকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এতে আরও বলা হয়, স্থানীয় সময় রাত ৮টা থেকে অন্তত ১৫টিরও বেশি প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। আইআরজিসির প্রকাশিত তালিকায় গুগল, মেটা, অ্যাপল, টেসলা এবং বোয়িংয়ের মতো বড় বড় মার্কিন প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় এসব প্রতিষ্ঠানের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম জানিয়েছে, এই হুমকির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরাপত্তা জোরদার করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এমন পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।
মানবজীবন/এক্সক্লুসিভ ডেস্ক