
জুসা সিকদার, সীমান্ত প্রতিনিধি, টেকনাফ-উখিয়া (কক্সবাজার)
মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় দুই কিশোরকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। একই সঙ্গে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গা ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশের কাছে দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর উখিয়ার বালুখালী ৮-ই নম্বর ক্যাম্প থেকে ১৪ বছর বয়সী দুই কিশোরকে নৌকায় করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়। পরে তাদের পরিবারের কাছ থেকে ৯৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে দুই কিশোরকে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পের এপিবিএন চেকপোস্ট দিয়ে নিয়ে আসা হচ্ছিল। এ সময় দায়িত্বরত সদস্যদের সন্দেহ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
উদ্ধার হওয়া দুই কিশোরের নাম সৈয়দুল আমিন ও মফিজুর রহমান। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইউসুফ (৪৩) ও মোহাম্মদ ইউনুস (৩১)।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ২৩ অক্টোবর টেকনাফ মডেল থানায় মানবপাচার আইনে মামলা হয়েছে। উদ্ধার হওয়া দুই কিশোর ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।