
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের লেবুহ পুদু এলাকায় বড় ধরনের যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৪৭২ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে প্রায় ২ হাজার ৫০০ বিদেশির কাগজপত্র যাচাই করা হয়।
অভিযানে ইমিগ্রেশন বিভাগের ২১৮ কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি সংস্থার মোট ৩৩৭ সদস্য অংশ নেন।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক হামশা ইনজাউ জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন পুরুষ এবং ৩৩ জন নারী। তাদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে।
আটক ব্যক্তিরা বাংলাদেশ, মিয়ানমার, ফিলিপাইন, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, চীন, সৌদি আরব ও জিম্বাবুয়ের নাগরিক।
ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করা এবং অগ্রহণযোগ্য বা সন্দেহজনক কাগজপত্র বহন করা।
অভিযানের সময় যেসব বিদেশির বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতিপত্র ছিল, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের পরবর্তী তদন্ত ও আইনগত প্রক্রিয়ার জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিনে কেনাকাটা ও ঘোরাঘুরির উদ্দেশ্যে ওই এলাকায় বিপুলসংখ্যক বিদেশি জড়ো হয়েছিলেন।
ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা জানান, লেবুহ পুদু এলাকায় বিদেশিদের অতিরিক্ত উপস্থিতি এবং কিছু ব্যবসাপ্রতিষ্ঠান অবৈধভাবে পরিচালিত হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।
অভিযানের মাধ্যমে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের পাশাপাশি ভিসা ও অন্যান্য অভিবাসন-সংক্রান্ত অনিয়ম শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, শুধু অবৈধভাবে অবস্থানরত বা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া বিদেশিদের বিরুদ্ধেই নয়, তাদের আশ্রয়দাতা ও নিয়োগকর্তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে সরকার ঘোষিত ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’-এর সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।