
সুনামগঞ্জ প্রতিনিধি:
মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক শিখন আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে অংশ নেন যুক্তরাজ্যপ্রবাসী মেধাবী সাংবাদিক ও রানার টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ স ম মাসুম।
সোমবার (১৮ মে) রাত ৮টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিটির সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোবাইল সাংবাদিকতা, সোর্সের নিরাপত্তা, নীতি-নৈতিকতা এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন আ স ম মাসুম।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সময় টিভির স্টাফ রিপোর্টার হিমাদ্রী শেখর ভদ্র, কালবেলার প্রতিনিধি এ কে কুদরত পাশা, বাসসের জেলা প্রতিনিধি আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এসএ টিভির প্রতিনিধি শাহরিয়ার সুমন, বৈশাখী টিভির প্রতিনিধি কর্ণবাবু দাস, দৈনিক বণিক বার্তার প্রতিনিধি আল আমিন এবং বাংলা টিভির প্রতিনিধি ফোয়াদ মনি প্রমুখ।
প্রধান আলোচক আ স ম মাসুম বলেন, “সাংবাদিকতার সংজ্ঞা বদলে গেছে। এখন প্রযুক্তিই সাংবাদিকতাকে নিয়ন্ত্রণ করছে। তবে নীতি-নৈতিকতা বজায় রেখে, সোর্সের নিরাপত্তা নিশ্চিত করে সঠিক সময়ে সঠিক সংবাদ পরিবেশন করতে হবে। স্ক্রল বা ভাইরালের পেছনে না ছুটে কমিউনিটি নিউজের দিকে গুরুত্ব দিতে হবে।”
তিনি বর্তমান সময়ের সাংবাদিকতায় ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্ব, ভিডিও স্টোরিটেলিং, তথ্য যাচাই এবং মাঠপর্যায়ের রিপোর্টিংয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মুক্ত আলোচনায় বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের মাল্টিমিডিয়া দক্ষতা অর্জন করা জরুরি। তারা মনে করেন, এ ধরনের আয়োজন তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।