
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান, টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী ও উপকূলীয় এলাকায় নজরদারিও জোরদার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
এ ছাড়া জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেও কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য জেলে, মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে কোস্ট গার্ড। এ-সংক্রান্ত যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় তাদের অভিযান, টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।