
জামাল উদ্দিন | কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে একটি সিএনজি অটোরিকশা থেকে ১২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ এক কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (২৮ জুন ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ টহল দল টেকনাফ থানার মিঠাপানিরছড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহভাজন সিএনজিতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে এক কথিত মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া জব্দকৃত ইয়াবা ও সিএনজিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সীমান্ত ও উপকূলীয় এলাকায় মাদক পাচার, চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।