
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসানো ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে দোকানগুলোর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল্লাহ শরিফীর নেতৃত্বে স্টেশনটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধ দোকানদারদের মেট্রোরেল স্টেশন ও আশপাশের এলাকায় পুনরায় দোকান স্থাপন না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করতে তাদের সতর্ক করা হয়েছে।
স্টেশন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), এমআরটি পুলিশ এবং ডিএমটিসিএলের কর্মীরা সহযোগিতা করেন।
ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং মেট্রো স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।