
জেলা প্রতিনিধি, রাজবাড়ী | মো. জাহিদুর রহিম মোল্লা
‘ন্যায়বিচার চাই, প্রতিহিংসা নয়; অপরাধীর পরিচয় নয়, প্রমাণের ভিত্তিতে বিচার চাই’—এই স্লোগানে রাজবাড়ীর কালুখালীতে ফেসবুক পোস্টের জের ধরে রক্তদাতা স্বেচ্ছাসেবক ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবা কৃষক নজরুল ইসলামকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
৪ অক্টোবর (রোববার) সকালে রাজবাড়ী প্রেসক্লাব প্রাঙ্গণে ‘সকল রক্তদাতা ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন, রাজবাড়ী’-এর যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক ও দৈনিক গণকণ্ঠের সাংবাদিক শামীম উসমান, ফাউন্ডার্স বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটির শাহরিয়া রিয়াজ, মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান মাহফুজ এবং নয়া কণ্ঠের সম্পাদক ও নিহত নজরুল ইসলামের ছোট মেয়ে রুনা খাতুন।
বক্তারা কৃষক নজরুল ইসলাম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে একই দাবিতে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন ও পুলিশ সুপার মীর মনির হোসেনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।