মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার দেশ কোল্ডস্টোরেজে সম্প্রতি ভয়াবহ এক ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মুখোশধারী ও খালি পায়ে সজ্জিত প্রায় ৩০-৩৫ জনের একটি ডাকাত দল হিমাগারে প্রবেশ করে।
ডাকাতির সময় তারা নিরাপত্তারক্ষীদের পাশাপাশি হিমাগারে কর্মরত ২৫ জন শ্রমিককে হাত-পা বেঁধে আটকে রাখে। প্রায় আড়াই ঘণ্টা অবস্থান করে ডাকাত দল পাওয়ার হাউস, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন জায়গায় রাখা যন্ত্রাংশ এবং ধাতব সামগ্রী লুট করে নেয়। অফিস কক্ষে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং শ্রমিকদের কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়ার পাশাপাশি অফিস কক্ষ ও আলমারি ভাঙচুরের ঘটনাও ঘটে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, মামলায় মোট ৬৩ লাখ ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। ডাকাতির ঘটনায় হিমাগারের ব্যবস্থাপক আকবর আলী বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোহনপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
দেশ কোল্ডস্টোরেজে বর্তমানে প্রায় ১ লাখ ৮০ হাজার বস্তা আলু মজুত রয়েছে। ব্যবস্থাপক আকবর আলী জানান, ডাকাতির পর হিমাগার দ্রুত পুনরায় চালুর জন্য মেরামতির কাজ চলছে। যন্ত্রাংশের মধ্যে অনেকই দেশের বাইরে থেকে আমদানি করতে হয়, তবে স্থানীয়ভাবে কিছু যন্ত্রাংশ সংগ্রহ করে মেরামতের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
পুলিশের তৎপরতায় আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।