
মো. গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীতে প্রাণ গ্রুপের বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিল পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় কারখানায় পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
প্রাণের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেলে রাজশাহীর নওদাপাড়ায় অবস্থিত ওই কারখানা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি ব্যাগ ও লাগেজ উৎপাদন ইউনিট ঘুরে দেখেন।
দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত মিলটি পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর এবং স্বল্প সময়ে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রাণ-আরএফএল গ্রুপের প্রশংসা করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার।”
এসব কারখানায় পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করার তাগিদও দেন তিনি।
প্রাণ-আরএফএলের প্রধান পরিচালন কর্মকর্তা (ফুটওয়্যার ও লাগেজ) রাহাত হোসেন রনি বলেন, “বন্ধ কারখানাটি ২০২৪ সালের ডিসেম্বরে বুঝে পাওয়ার পর মাত্র তিন মাসে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কারখানাটি চালু করতে সক্ষম হয় প্রাণ-আরএফএল গ্রুপ।”
তিনি বলেন, বর্তমানে লাগেজ ও ব্যাগ উৎপাদনে আড়াই হাজারের বেশি মানুষ কাজ করছেন। এখানে পর্যায়ক্রমে আরও উৎপাদন লাইন চালু করা হবে। এতে প্রায় ১২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, এর ফলে রাজশাহীর সাধারণ মানুষের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।