
ইমদাদুল হক তৈয়ব :
কুরআন ও সুন্নাহভিত্তিক রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সের ৩৩তম ও VIP ব্যাচের কোর্স সমাপনী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জে শাকের পার্ক পার্টি সেন্টারে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী রাকীদের কুরআনী রুহানি চিকিৎসার অনুমতি দেওয়া হয়। পাশাপাশি ৩৩তম ব্যাচ ও VIP কোর্সের রাকীদের পৃথক সার্টিফিকেট প্রদান করা হয়।

সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রাকী ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন। কোর্স সমাপ্তির আনুষ্ঠানিকতা, সার্টিফিকেট প্রদান, পারস্পরিক কুশল বিনিময় ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ-বিদেশের হাজারো রাকী ও মুদাব্বীরের ওস্তাদে মুহতারাম মুফতী নাইমুল ইসলাম ফরিদপুরী, প্রিন্সিপাল, শামসুল উলুম হাফেজিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা, দুর্গাপুর, বোয়ালমারী, ফরিদপুর।
অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে প্রশিক্ষণ সম্পন্নকারী রাকীদের কুরআনী রুহানি চিকিৎসার অনুমতি প্রদান করা হয়। এরপর ৩৩তম ব্যাচ এবং VIP কোর্সের রাকীদের জন্য পৃথকভাবে সার্টিফিকেট বিতরণ করা হয়। এর মাধ্যমে দুই ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

মিলনমেলা শেষে বাড়ি ফেরার পথে নিজের ফেসবুক স্ট্যাটাসে মুফতী নাইমুল ইসলাম ফরিদপুরী অংশগ্রহণকারী সাথী ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে নিজেদের কর্মব্যস্ততা ও পারিবারিক ব্যস্ততা পেছনে রেখে ভালোবাসা ও আন্তরিকতার টানে যাত্রাবাড়ীর এ আয়োজনে অংশ নিয়েছেন। তাঁদের এ আন্তরিকতা তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে এবং তিনি তা আজীবন স্মরণে রাখার কথা জানান।
অনুষ্ঠান শেষে লেখার সময়ও অনেক সাথী নিজ নিজ বাড়ির পথে গাড়িতে ছিলেন উল্লেখ করে তিনি তাঁদের নিরাপদ সফর ও সুস্থতার জন্য দোয়া করেন।
এ ছাড়া তিনি অংশগ্রহণকারীদের ইলম, আমল ও দ্বীনি খেদমতে বরকত কামনা করেন। তাঁদের পারস্পরিক সম্পর্ক যেন দ্বীনের খেদমতের জন্য আরও সুদৃঢ় হয় এবং সবাই ইখলাসের সঙ্গে দ্বীনের পথে কাজ করতে পারেন, সে জন্যও তিনি দোয়া করেন।
দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে কোর্সের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও অংশগ্রহণকারীদের পারস্পরিক যোগাযোগ ও দ্বীনি কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।