নিজস্ব প্রতিনিধি: নয়ন রায়,
খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার মূলহোতা ও একাধিক মামলার আসামি মোঃ ওহিদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল। বুধবার (০৭ মে) দুপুরে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা তানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, র্যাব ফোর্সেস দীর্ঘদিন ধরে বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস দল অভিযান চালিয়ে খালিশপুরের বহুল আলোচিত সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি ওহিদুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ওহিদুল ইসলাম খুলনা মহানগরীর খালিশপুর থানার গোয়ালপাড়া এলাকার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম খন্দকার সুলতান আহমেদ।
র্যাবের প্রাথমিক অনুসন্ধান ও পিসি-পি আর পর্যালোচনায় জানা গেছে, খুলনার খালিশপুর, সোনাডাঙ্গা ও সদর থানায় তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, জুয়া ও মাদক সংক্রান্তসহ মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ১টি হত্যা চেষ্টা মামলা, ১টি জুয়ার মামলা এবং ৮টি মাদক মামলা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তিনি খালিশপুর এলাকার অন্যতম চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।
র্যাব আরও জানায়, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে কেএমপি’র খালিশপুর থানায় সংঘটিত তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।