মোঃ কামাল হোসেন, প্রধান জেলা প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীর শিবপুর উপজেলায় বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মিষ্টান্ন ভান্ডারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেলে শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার ও রসের হাড়ি মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআই আইন, ২০১৮-এর ধারা ৩০ অনুযায়ী অসত্য তথ্য প্রদানের মাধ্যমে খাদ্য বিক্রয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৫২ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের অপরাধ পরিলক্ষিত হয়। এ ঘটনায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে প্রত্যেক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
অভিযানে বিএসটিআই, নরসিংদী এবং শিবপুর মডেল থানার পুলিশ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে শিবপুর উপজেলায় এ ধরনের অভিযান চলমান থাকবে। একই সঙ্গে শিবপুর উপজেলাকে অবৈধভাবে মাটি কাটা, অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডমুক্ত করতে সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান দিবা-রাত্রি পরিশ্রম করে যাচ্ছেন।