
আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াছমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার।
এ ছাড়া শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কহিনুর মিয়া, শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পড়াশোনা ও চরিত্র গঠনে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় ও পরিবারের সমন্বিত ভূমিকা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।