
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সিসিডিবি-শক্তি প্রকল্প মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী, পুরুষ ও যুবদের উন্নয়নের লক্ষ্যে ১ মে ২০২৬ তারিখ থেকে কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-শক্তি প্রকল্প কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি অফিসার মো. জামাল হোসেন ও সিসিআরসি উদ্ভাবনী কৃষক কৃষ্ণেন্দু রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিমান বিহারী মণ্ডল।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের সকল কর্মীবৃন্দ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসেবে দুইটি ইউনিয়নের নারী দলের ১৫ জন সদস্য, যুবদল থেকে ৫ জন এবং পুরুষ দল থেকে ৫ জনসহ মোট ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে জলবায়ু-স্মার্ট কৃষি, উপকূলীয় এলাকায় কীভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা যায়—এসব বিষয় তুলে ধরা হয়।
এ ছাড়া অংশগ্রহণকারীদের সিসিআরসি প্রদর্শনী প্লটে নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অংশগ্রহণকারী ছবি রানী বলেন, ‘এটি একটি সময়োপযোগী প্রশিক্ষণ। আমি একজন কৃষক। আমার জন্য এটি অত্যন্ত উপকারী একটি প্রশিক্ষণ হয়েছে।’
শহিদুল ইসলাম বলেন, ‘আমরা অনেক প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু প্রদর্শনী প্লটে নিয়ে এমন হাতে-কলমে প্রশিক্ষণ কখনো পাইনি। এর জন্য সিসিটিভি প্রকল্পকে ধন্যবাদ।’