
পরিতোষ কুমার বৈদ্য,
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মাদার নদীর ওপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় রমজাননগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে প্রাক্তন ইউপি সদস্য মো. আনারুল ইসলামের বাড়ি সংলগ্ন স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাম্য চিকিৎসক কিরণ চন্দ্র পরমানিক, মো. রেজাউল ইসলাম, শেখ মিজানুর রহমান, মো. মুনছুর গাইন, রমেশ চন্দ্র মণ্ডল, ফজিলা খাতুন, মোছা. রাবেয়া খাতুন, গহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আলামিন হোসেন এবং সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বাধন মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, রমজাননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড, নুরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এবং কৈখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীর্ঘদিন ধরে মাদার নদীর ওপর নির্মিত একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো ব্যবহার করে যাতায়াত করছেন।
এ সাঁকো দিয়ে ১০৪ লক্ষ্মীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরবনগর দারুল উলুম বালিকা দাখিল মাদ্রাসা, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল হোসেন মাধ্যমিক বিদ্যালয়, গহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন চলাচল করেন।
এছাড়া রমজাননগরের বদ্দিপাড়ায় সুপেয় পানির সংকট থাকায় স্থানীয় বাসিন্দারা পাশের নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের জেলা পরিষদের সরকারি দিঘি থেকে এই সাঁকো ব্যবহার করে পানি সংগ্রহ করেন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, জরাজীর্ণ সাঁকোটি দিয়ে চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে জরুরি রোগী ও প্রসূতি নারীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হয়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
মানববন্ধন থেকে এলাকাবাসী দ্রুত মাদার নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।