
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুর থানা পুলিশের অভিযানে ৭ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল কাদের (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে শ্রীপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুল জলিল মন্ডলসহ পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মুলাইদ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে আব্দুল কাদেরের (৪০) চৌচালা টিনশেড ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ ও কক্ষ তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজতে থাকা বেডরুমের আলমারির ডান পাশের নিচের ড্রয়ার থেকে তার নিজ হাতে বের করে দেওয়া মতে ৩৮টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৭ হাজার ৬০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এছাড়া আরও একটি প্যাকেট থেকে ১৯০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ৭ হাজার ৭৯০ পিস, যার আনুমানিক ওজন ৭৭৯ গ্রাম এবং মূল্য প্রায় ২৩ লাখ ৩৭ হাজার টাকা।
এ ঘটনায় শ্রীপুর থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল জলিল মন্ডলের অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানায় মামলা নম্বর-৪৯, তারিখ ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার আব্দুল কাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আব্দুল কাদেরের বিরুদ্ধে এর আগেও শ্রীপুর থানায় পাঁচটি মাদক মামলা দায়ের করা হয়েছে।