
ঢাকা, ৭ জুলাই:
জাতীয় সংসদ অধিবেশন পরিদর্শনে আসা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের বিরতির সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়া ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার চারজন বিদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন উপভোগ করেন।
সংসদ ভবন পরিদর্শনের সময় তারা ভবনের স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, সংসদ গ্রন্থাগার পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে ছবি তোলেন। পরে তারা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এদিন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার (দিপু)-এর উদ্যোগে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষক-শিক্ষার্থী সংসদ পরিদর্শনের সুযোগ পান।
এ ছাড়া নটরডেম কলেজের ৪৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষকসহ ৫৩ সদস্যের একটি দল, বাংলাদেশ লিগ্যাল এইডের মাধ্যমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চারজন বিদেশি শিক্ষার্থীসহ আট সদস্যের প্রতিনিধিদল এবং সংসদ সদস্য ফাহমিদা হক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের উদ্যোগে ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করেন।