
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে এনসিপি। তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমানে সংসদে দলের ছয়জন সদস্য থাকলেও ভবিষ্যতে সেই সংখ্যা ১৬০ জনে উন্নীত হবে।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড়ে অনুষ্ঠিত ‘জুলাই জনসভা ও পদযাত্রা-২০২৬’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে এনসিপি গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে দলটি ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
এনসিপির ফকিরহাট উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা আলম মিতু (এমপি), যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ রাফি, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল এবং সদস্যসচিব লাবিব আহমদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ফকিরহাট উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী হিসেবে লাবিব আহমদের নাম ঘোষণা করা হয়।
সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান বৃদ্ধিসহ বিভিন্ন জনদাবি বাস্তবায়নের আহ্বান জানান।