আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ জব্দকৃত তামাকজাত পণ্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
বুধবার (২০ মে) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে আট ট্রাক ভর্তি বিভিন্ন অবৈধ ও জব্দকৃত তামাকজাত পণ্য ধ্বংস করা হয়।
সান্তাহার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার একটি নির্ধারিত ভাগারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব পণ্য ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়। ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল ৩৪ লাখ ৭৫ হাজার ২৬৮টি বিড়ি, ২৮ হাজার পিস সিগারেটের শলাকা ও ব্যান্ডরোল, বিভিন্ন ব্র্যান্ডের ২ লাখ ৮৫ হাজার পিস শলাকা, ৫০ হাজার কার্টুন গুল, ২৫৮ কেজি জর্দা এবং ৮ হাজার ৪৬৬টি জর্দার কৌটা।
কাস্টমস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন গুদামে জব্দ অবস্থায় থাকা এসব পণ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ধ্বংস করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. শামিমুল আলম, জেলা প্রশাসনের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ, নওগাঁ ১৬ ব্যাটালিয়ন এবং সান্তাহার পৌরসভার কর্মকর্তারা।
রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শামিমুল আলম বলেন, “অবৈধ তামাকজাত পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত পণ্য ধ্বংসের মাধ্যমে সরকার রাজস্ব সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে।”