
টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ
স্টাফ রিপোর্টার:
যুক্তরাজ্যে (ইউকে) ওয়ার্ক পারমিট ভিসা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে সিলেট নগরীর জিন্দাবাজার কাকলী শপিং মলে অবস্থিত ‘লিগ্যাল এজ সলিউশন’ নামের একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী পাওনা টাকা ফেরত ও আইনগত প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট হিসেবে মো. মুক্তার হোসাইন ও ইমন আহমদের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী দীর্ঘদিন ধরে ওয়ার্ক পারমিট ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সূত্রে তিনি ‘লিগ্যাল এজ সলিউশন’ নামের প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী এলাকার মৃত আমরু মিয়ার ছেলে মো. মুক্তার হোসাইন এবং সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের নাজিরগাঁও বাহাপুর এলাকার ইসকন্দর আলী ভিলার আব্দুল জলিলের ছেলে ইমন আহমদের সঙ্গে যোগাযোগ করেন।
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৭ অক্টোবর প্রতিষ্ঠানের কার্যালয়ে আলোচনার পর অভিযুক্তরা জানান, ইউকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য মোট ১৭ হাজার ৫০০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা খরচ হবে।
চুক্তি অনুযায়ী, প্রাথমিক প্রসেসিং ফি হিসেবে ওই দিনই ভুক্তভোগী এক লাখ টাকার একটি চেক (নং-বিএস২৫-১২৮৭৭১২) প্রদান করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে একটি লিখিত চুক্তিপত্র সম্পাদিত হয়। চুক্তিতে উল্লেখ ছিল, কোনো কারণে ভিসা প্রত্যাখ্যাত হলে অথবা বিদেশে পাঠাতে ব্যর্থ হলে পরবর্তী ১৫ দিনের মধ্যে প্রদত্ত সব অর্থ ফেরত দিতে হবে।
পরবর্তীতে ২০২৪ সালের ১৭ নভেম্বর অভিযুক্তরা ভয়েস মেসেজের মাধ্যমে ভুক্তভোগীকে জানান, তাঁর ভিসার ‘কস’ (CoS) চলে এসেছে এবং দ্রুত অবশিষ্ট টাকা পরিশোধ করতে হবে। তাঁদের কথায় বিশ্বাস করে ভুক্তভোগী নারী ও তাঁর আত্মীয়স্বজন পর্যায়ক্রমে ব্যাংকের মাধ্যমে মোট ২৭ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২০ নভেম্বর ভুক্তভোগীর পূবালী ব্যাংকের শিবগঞ্জ শাখার হিসাব থেকে মো. মুক্তার হোসাইনের ‘হোসেন এন্টারপ্রাইজ’-এর ডাচ-বাংলা ব্যাংকের বিশ্বনাথ শাখার হিসাবে ৬ লাখ ৫০ হাজার টাকা এবং একই দিনে পরিবারের এক সদস্যের পূবালী ব্যাংকের শাহজালাল উপশহর শাখার হিসাব থেকে একই হিসাবে আরও ৪ লাখ টাকা পাঠানো হয়।
এরপর ২৫ নভেম্বর পরিবারের এক সদস্যের পূবালী ব্যাংকের শাহগলি বাজার শাখার হিসাব থেকে ‘হোসেন এন্টারপ্রাইজ’-এর হিসাবে ৫ লাখ টাকা এবং ২৬ নভেম্বর পরিবারের এক সদস্যের বিয়ানীবাজার শাখার হিসাব থেকে ইমন আহমদের ডাচ-বাংলা ব্যাংকের উপশহর শাখার হিসাবে ১০ লাখ টাকা পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া ৯ ডিসেম্বর ভুক্তভোগীর নিজ হিসাব থেকে ‘হোসেন এন্টারপ্রাইজ’-এর হিসাবে ১ লাখ ২০ হাজার টাকা এবং একই দিনে ক্যাশ ডিপোজিটের মাধ্যমে আরও ৬০ হাজার ১২০ টাকা জমা দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।
পরবর্তীতে ২০২৫ সালের ২০ মার্চ ভুক্তভোগীর ভিসা প্রত্যাখ্যাত হয়। এরপর চুক্তির শর্ত অনুযায়ী টাকা ফেরত চাইলে অভিযুক্তরা নানা টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ইমন আহমেদ মো. মুক্তার হোসাইনের আপন ভাগনে (ভগ্নীর ছেলে)। সর্বশেষ ২০২৬ সালের ১৭ জানুয়ারি ইমন আহমদের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার কোনো দায়ভার নিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করা হয়েছে।
একই দিনে হোয়াটসঅ্যাপে মো. মুক্তার হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টাকা ফেরত দিতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানান এবং আইনি ব্যবস্থা নেওয়া হলে অজ্ঞাতনামা লোকজন দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী নারী বলেন, “পূর্বপরিকল্পিতভাবে প্রতারণার মাধ্যমে আমার সর্বস্ব লুটে নেওয়া হয়েছে। বর্তমানে আমি আর্থিক, পারিবারিক ও মানসিকভাবে বিপর্যস্ত এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।”
অভিযোগের বিষয়ে থানা পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বিষয়টি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।