আমির হোসেন,
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে লন্ডন প্রবাসীর বাড়িতে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে অজ্ঞান করে চুরির ঘটনায় মূল আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চুরিকৃত মালামালের একটি অংশও উদ্ধার করা হয়েছে।
জানা যায়, মামলার বাদী মোঃ এনাম হোসেনের দাদি লন্ডন প্রবাসী গুলনাহার বেগম ও তার স্বামী আরশ আলী গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে যুক্তরাজ্য থেকে দেশে এসে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। বাসায় কাজের জন্য গৃহকর্মী খোঁজার একপর্যায়ে প্রতিবেশীর মাধ্যমে শিপা বেগম (৫০) নামে এক নারীকে কাজে নেওয়া হয়।
পরদিন ২৪ এপ্রিল রাতে শিপা বেগম পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেন। খাবার শেষে চা পান করে সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে পরিবারের সদস্যরা তাদের অচেতন অবস্থায় দেখতে পান এবং গৃহকর্মীকে আর খুঁজে পাওয়া যায়নি।
পরে জানা যায়, গৃহকর্মী শিপা বেগম পরিবারের সদস্যদের অজ্ঞান করে স্বর্ণালংকার, নগদ টাকা, পাউন্ড, জমির দলিল ও ব্যাংকের চেক বই চুরি করে নিয়ে যায় এবং বাড়ির গেট বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায়।
অচেতন অবস্থায় ভুক্তভোগীদের প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের হলে ডিবি পুলিশ তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুর এলাকা থেকে গৃহকর্মী শিপা বেগম ও তার সহযোগী নেছার আহমদকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে শিপা বেগম অপরাধের কথা স্বীকার করে। তাদের কাছ থেকে নগদ ৬৬ হাজার টাকা, ৪০ পাউন্ড বৈদেশিক মুদ্রা, একটি চেক বই ও জমির দলিল উদ্ধার করা হয়। এছাড়া সিলেটের জিন্দাবাজার এলাকার একটি জুয়েলারি দোকানে অভিযান চালিয়ে চোরাইকৃত একজোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মামলাটি জগন্নাথপুর থানায় দায়ের করা হয়েছে (মামলা নং-০৬, তারিখ: ০৪/০৫/২০২৬, ধারা-৩২৮/৩৮১/৩৪ পেনাল কোড)।
চুরিকৃত মালামালের মোট মূল্য প্রায় ১৩ লাখ ১৯ হাজার ৮০০ টাকা এবং উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৩ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এ বিষয়ে ডিবির ওসি মোঃ হযরত আলী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বাকি চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।