
রজব আলী সেলিম, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা-এ মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ কনস্টেবল মিটু মিয়াসহ ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে ৭ যুবককে আটক করেছে।
বুধবার (১৩ মে) রাত ৮টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা পুলিশ-এর এসআই মোহাম্মদ আলী-এর নেতৃত্বে একদল পুলিশ উজান তাহিরপুর গ্রামের আশ্রাফুলের দোকানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলে দোকানে থাকা কয়েকজন যুবক উত্তেজিত হয়ে ওঠে এবং আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল মিটু মিয়াসহ ৪ জন পুলিশ সদস্য আহত হন।
ঘটনার খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ-এর অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম-এর নেতৃত্বে ২০ থেকে ২৫ সদস্যের অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান পরিচালনা করে। পরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ যুবককে আটক করা হয়।
এ বিষয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালিয়ে কনস্টেবলসহ ৪ জনকে আহত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।