
আব্দুল্লাহ আল মামুন, হরিনাকুন্ডু সংবাদদাতা:
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) হরিনাকুন্ডু উপজেলার উদ্যোগে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। লালন একাডেমি ও আদর্শ আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, প্রকল্প কর্মকর্তা, লালন একাডেমি ও আদর্শ আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, এবং দশম শ্রেণির শিক্ষার্থীরা।
বক্তারা কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শারীরিক-মানসিক পরিবর্তন সম্পর্কে ধারণা প্রদান, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং নিরাপদ জীবনযাপন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এই বয়সে সঠিক দিকনির্দেশনা না পেলে স্বাস্থ্যগত ও সামাজিক ঝুঁকি তৈরি হতে পারে।
আলোচনা শেষে ১০০ জন শিক্ষার্থীর মাঝে স্যানিটারি উপকরণ ও ফলজ-ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।