হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী-প্রতিষ্ঠান সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দারুল আলম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দ্র কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামিমুজ্জামান এবং উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব এবং টেকসই উন্নয়নে জনসংখ্যা ব্যবস্থাপনার ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরে পরিবার পরিকল্পনা বিভাগে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানসমূহের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী, স্বাস্থ্যকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী – মোছা. জোসনেআরা বেগম, ডাঙ্গীপাড়া ইউনিয়ন।
শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. দিলরুবা, সদর ক্লিনিক, হরিপুর।
শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রয়েল, ডাঙ্গীপাড়া ইউনিয়ন।
শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র – সদর ক্লিনিক, হরিপুর।
শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ – ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদ, হরিপুর।
অনুষ্ঠান শেষে সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানানো হয় এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।